যশোরে প্রকাশ্য দিবালোকে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে (২৬) মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে তিনি অপহৃত হন।
অপহৃত আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসে মার্কেটিং সেলস (এসি) পদে কর্মরত। এ ঘটনায় আবিদের স্ত্রী মিনি খাতুন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে অফিসের কাজ শেষে ২টা ৫৪ মিনিটের দিকে আবিদ স্ত্রীকে কল করে জানান যে, তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য পাশের একটি হোটেলে যাচ্ছেন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় এবং অফিস থেকে খোঁজ নেওয়ার পর পরিবার জানতে পারে তিনি নিখোঁজ।
রাত ৯টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আবিদের স্ত্রীর ফোনে কল আসে। আবিদ কান্নাজড়িত কণ্ঠে জানান, দুপুর পৌনে ৩টার দিকে যশোর-নড়াইল সড়কের ওপর থেকে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণকারীরা তার কাছে থাকা অফিসের নগদ টাকা ও রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়ে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এরপর এক অজ্ঞাত ব্যক্তি ফোনে কথা বলে তাকে বাঁচাতে হলে ১ লাখ টাকা দ্রুত বিকাশে পাঠানোর হুমকি দেয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। তিনি বলেন, “আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহৃতের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের একাধিক টিম কাজ করছে।”
উল্লেখ্য, যশোরে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত ২ মার্চ শহরের শংকরপুর এলাকা থেকে এক ওষুধ ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন, যাকে দীর্ঘ ৯ দিন পর র্যাব উদ্ধার করতে সক্ষম হয়।

