যশোরে বসতবাড়ি ও দোকানে হামলা-ভাঙচুর: ঘটনাস্থল থেকে ২টি তাজা বোমা উদ্ধার

আরো পড়ুন

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে ইউনিয়নের আড়পাড়া ক্লাবমোড় এলাকায় এই তাণ্ডব চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একই গ্রামের মাসুম নামের এক ব্যক্তি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গেলে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে স্থানীয় রিফাত ও ইউনুস আলীর নেতৃত্বে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল আড়পাড়া গ্রামের আবু বক্করের চার ছেলের বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বসতবাড়ির দরজা-জানালা, বিদ্যুতের মিটার ও আসবাবপত্রসহ একটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বাড়ির পূর্ব পাশ থেকে দুটি পরিত্যক্ত তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত এবং কেন এই হামলা হয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

আরো পড়ুন

সর্বশেষ