ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে তেল আবিব: আবাসিক ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হয়ে উঠেছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব। শুক্রবার (৬ মার্চ) শহরজুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ।

ইসরায়েলি জরুরি সেবা কর্মকর্তারা জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে একটি ভবনে প্রজেক্টাইল আঘাত হানার পর আতঙ্কিত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টাপাল্টি আক্রমণ শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দাবি করেছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলের সুনির্দিষ্ট সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আকাশপথে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে গোটা শহরজুড়ে সাইরেন বাজছে এবং সাধারণ মানুষকে বাংকারে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই হামলার পর ইসরায়েল পাল্টা কোনো বড় পদক্ষেপ নেয় কি না, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়।

আরো পড়ুন

সর্বশেষ