ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ কোটি ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নিলার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন।
অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নিলা বরিশাল জেলার স্বর্গছোয়া কলেজপাড়ার কাজী এম এ মজিদের স্ত্রী।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী দেশের ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা নিজেকে ‘ব্রড কান্ট্রি এলসি’ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। তিনি মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনিসুর রহমান খানকে যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন। তার প্রস্তাবে আশ্বস্ত হয়ে যশোরের ৯ জন ব্যবসায়ী মিলে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিন জমা দেওয়ার শর্তে নিলার ব্যাংক হিসাবে ব্যবসায়ীরা মোট ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেন।
টাকা নেওয়ার পর থেকেই নিলা নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে কয়লাবাহী জাহাজ প্রস্তুত হয়েছে দাবি করে তিনি ব্যবসায়ীদের একটি এলসি কপি সরবরাহ করেন, যা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়। ব্যবসায়ীরা টাকা ফেরতের জন্য চাপ দিলে তিনি ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন (BFTN) কপি এবং একটি ভুয়া এফডিআর (FDR) কাগজ দিয়ে পুনরায় প্রতারণার আশ্রয় নেন।
এই জালিয়াতির ঘটনায় প্রথমে ঢাকার গুলশান থানায় মামলা হলে নিলা গ্রেফতার হন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আত্মগোপন করেন। তবে টাকা ফেরত না দেওয়ায় যশোরে নতুন করে মামলা দায়ের করা হলে গত ২৭ ফেব্রুয়ারি ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।
বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত মামলার রহস্য উদঘাটন ও অর্থ উদ্ধারের স্বার্থে নিলার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

