নড়াইলের নবগঙ্গায় অবৈধ বালু উত্তোলন: ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজিরপাগলা এলাকার আজিজুল হক (৫৪), যিনি সংশ্লিষ্ট ইজারাদারের প্রতিনিধি হিসেবে সেখানে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ওই ইজারাদার উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় বালু উত্তোলনের অনুমতি পেলেও আইন অমান্য করে বড়কালিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিলেন। গোপন সংবাদ পেয়ে প্রশাসন সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলন বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত বালু জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। নদী রক্ষা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ