বেনাপোল (যশোর) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে ছিন্নমূল, পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) ১৫তম রমজানে বিকেলে বেনাপোল হীরা সুপার মার্কেটের সামনে ৩০০ জন মানুষের হাতে এই ইফতার তুলে দেওয়া হয়।
বিএনপি নেতা আবু তাহের ভারতের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী এই ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও পথচারীদের কথা বিবেচনা করেই এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
ইফতার নিতে আসা স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী রাহিমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করি। প্রতিদিন এখান থেকে ইফতার নিয়ে পরিবারের সদস্যদের সাথে ইফতার করি। আমাদের মতো গরিব মানুষের ইফতার কিনে খাওয়ার সামর্থ্য নেই।”
এ প্রসঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, “এই শহরেই আমার বেড়ে ওঠা। নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব মনে করি। রমজানে অনেকেরই পরিবার নিয়ে ইফতার করতে কষ্ট হয়, তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
ইফতার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাবেক কমিশনার ইছাহাক মিয়া, আলমগীর হোসেন এবং ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদকের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

