যশোরে বিএনপির পক্ষে ভোট চাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ডুমদিয়া গ্রামে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হয়েছেন রাব্বি হোসেন (২৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। সোমবার সকালে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাব্বি হোসেন ডুমদিয়া গ্রামের সালাম হোসেনের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি হোসেন জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যায় তিনি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। প্রচারণার একপর্যায়ে তিনি একই গ্রামের বিপুল হোসেনের বাড়িতে যান। সেখানে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিপুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বিপুল হোসেন তাকে জানান যে, তাদের বাড়িতে বিএনপির কোনো ভোট নেই এবং তারা একটি ইসলামী দলের কট্টর সমর্থক।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আগের দিনের সেই কথা কাটাকাটির জেরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিপুল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি রাব্বির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে রাব্বির মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্ত বিপুল হোসেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।?

আরো পড়ুন

সর্বশেষ