ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার, কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী হাসিবের জামিন নামঞ্জুর

আরো পড়ুন

বেনাপোল কাস্টমস হাউজে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে জামিন আবেদন জানালে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সালেহুজ্জামান আবেদনটি নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন-দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে ঘটনা শুরু
আদালত সূত্র জানায়, গত সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বেনাপোল কাস্টম হাউসে অভিযান চালায়। আমদানি পণ্যে সঠিকভাবে শুল্কায়ন না করে ঘুষ নিয়ে শুল্কায়নের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
দুদক কর্মকর্তারা কাস্টম হাউসের প্রধান ফটক থেকে হাসিব উদ্দীন নামের একজনকে ২ লাখ ৭৬ হাজার টাকা সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিব জানান, ওই টাকা বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষের টাকা।
এই তথ্যের ভিত্তিতে পরদিন মঙ্গলবার রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেফতার করা হয়। দুদকের মামলার এজাহার অনুযায়ী, হাসিবের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা সম্পর্কে শামীমা আক্তার স্বীকার করেন যে, তিনি হাসিবকে টাকাটি তার দপ্তরে আনতে বলেছিলেন এবং হাসিবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে দুজনকে যশোরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে হাজির করা হলে বিচারক সালেহুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদন নাকচ
বৃহস্পতিবার আদালতে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দীনের আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে দুদকের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. সালেহুজ্জামান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। একইসঙ্গে, আদালত মামলার পরবর্তী শুনানির দিন ২৮ অক্টোবর ধার্য করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ