নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী মিনারুল কবির শামীম (৪৫) নিহতের ঘটনায় সোহরাব হোসেন (৪৫) নামের এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সদর উপজেলার ক্যাফে বিল হরিনা শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন রামনগর মোবারককাঠি গ্রামের আব্দুল লতিফের ছেলে। শনিবার (২৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে শ্রীকান্তনগর বাজারের একটি বিকাশের দোকানে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনির শিকার হন মিনারুল কবির শামীম। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শামীম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ছিলেন। তিনি এলাকায় ঘোরাফেরা করতেন কিন্তু কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর নিহতের পিতা সবদুল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়েল করেন :
* শ্রীকান্তনগর গ্রামের কুতুবের দুই ছেলে (দোকান মালিক) আরাফাত ও আশিক।
* লতিফের ছেলে আজাহারুল।
* সাইফুলের দুই ছেলে ইসমাইল ও শিহাব।
* দেলোয়ারের দুই ছেলে ইমন ও নয়ন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, ইতিপূর্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি আশিকসহ আরও দুই-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মামলার তদন্ত চলাকালীন সোহরাব হোসেনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। দীর্ঘ নজরদারির পর শুক্রবার বিকেলে তাকে আটক করা সম্ভব হয়।
পুলিশ আরও জানায়, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

