শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু:

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া মাঠে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের সমীর (৪৫) ও অপু (৩০)। আহত ব্যক্তির নাম রঞ্জিত মাস্টার।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিনজন গ্রামের পাশের একটি মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের কবলে পড়ে তারা তিনজনই গুরুতর দগ্ধ ও আহত হন। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন এবং শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই সমীর ও অপুর মৃত্যু হয়েছে। অন্যদিকে আহত রঞ্জিত মাস্টারের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ ঘটে যাওয়া এই বজ্রপাতে দুই জন কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ইতিমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ