রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায় উচ্ছেদচেষ্টা ব্যর্থ, সমাবেশে মিনুর হুঁশিয়ারি

আরো পড়ুন

রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদের চেষ্টা ঘিরে আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, “পাহাড়িয়াদের কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না। আপনারা যুগের পর যুগ এই মাটিতে আছেন। এখানে আপনাদের জন্ম হয়েছে, পূর্বপুরুষরা মারা গেছেন। এই মাটি আপনাদের ছিল, আছে, ভবিষ্যতেও আপনাদেরই থাকবে। কোনো ভয় পাবেন না, আমরা সবাই আছি আপনাদের পাশে।”

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোল্লাপাড়ায় পাহাড়িয়া সম্প্রদায়কে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, পাহাড়িয়া সম্প্রদায়ের সরদার বাবলু বিশ্বাস, স্থানীয় বাসিন্দা বিশনি বিশ্বাস ও সরলা বিশ্বাস।

জমির দাবিদার সাজ্জাদ আলীর উদ্দেশে মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁরা ভুয়া দলিল বানিয়ে গরিব মানুষকে ভয় দেখাচ্ছেন, তারা রেডি হয়ে যান। এভাবে জমি দখল করতে চাইলে লালঘরে যেতে হবে।”

মুক্তিযুদ্ধের পর রাজশাহীর মোল্লাপাড়ায় ছয়টি পাহাড়িয়া পরিবার বসবাস শুরু করে। বর্তমানে তিন প্রজন্মে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬টি পরিবারে। সম্প্রতি সাজ্জাদ আলী নামে এক ব্যক্তি ১৬ কাঠা জমির মালিকানা দাবি করে ৩০ লাখ টাকা দিয়ে তাদের উচ্ছেদের আয়োজন করেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসন ও পুলিশ সক্রিয় হয়।

পরবর্তীতে আদিবাসী সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও উন্নয়নকর্মীরা পাহাড়িয়াদের পাশে দাঁড়ালে উচ্ছেদচেষ্টা ব্যর্থ হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ