ভুয়া এসআই পরিচয়ে প্রতারণা: রাজিউর গ্রেপ্তার

আরো পড়ুন

নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রাজিউর রহমান (৪০)। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন এই ভুয়া পুলিশ কর্মকর্তা।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বন্দরপাড়া এলাকা থেকে রাজিউরকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রোববার (১৩ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, রাজিউর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার সইফুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে সরকারি চাকরির আশ্বাসে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

এক ভুক্তভোগী যুবক সেনাবাহিনীতে সৈনিক পদে অনলাইনে আবেদন করেন। তার আত্মীয়ের মাধ্যমে রাজিউরের সঙ্গে পরিচয় হয়। রাজিউর নিজেকে ঠাকুরগাঁওয়ে কর্মরত এসআই পরিচয় দিয়ে জানান, তিনি এর আগেও অনেককে চাকরি পাইয়ে দিয়েছেন এবং তাকেও দিতে পারবেন। এই প্রলোভনে পড়ে দুই পক্ষের মধ্যে ১২ লাখ টাকার চুক্তি হয়। প্রাথমিকভাবে ৬ লাখ টাকা আগাম এবং বাকিটা চাকরি নিশ্চিত হওয়ার পর দেওয়ার কথা ছিল।

পরবর্তীতে চাকরির আশায় যুবকটি রাজিউরের পরামর্শে সব শিক্ষাগত সনদপত্র ও দুটি সই করা ব্ল্যাঙ্ক চেক পাঠান। কিন্তু রাজশাহী সেনানিবাসে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ার পর রাজিউরের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। একপর্যায়ে প্রতারণার শিকার যুবক বোয়ালিয়া থানায় মামলা করেন।

র‌্যাব আরও জানায়, রাজিউর একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা এবং এ ধরনের প্রতারণায় তিনি জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আরো পড়ুন

সর্বশেষ