সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)। আহত হয়েছেন মান্নান খন্দকারের আরেক ছেলে রাসেল খান্দকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অসুস্থ বাবাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন জুয়েল খান্দকার। চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

