ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
ইউনিট সূত্রে জানা গেছে, তালসারিতে শুটিং করার সময় রাহুল হঠাৎ সমুদ্রের পানিতে তলিয়ে যান। ইউনিটের টেকনিশিয়ান ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার সহকর্মী অভিনেত্রী সোমাশ্রী চাকি এই বিয়োগান্তক খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে শুটিং করেছিলেন এবং আজই তাদের কলকাতায় ফেরার কথা ছিল। সোমাশ্রী আরও জানান, মৃত্যুর কিছু সময় আগে রাহুল মজার ছলে তাকে বলেছিলেন, “আর দেখা হবে না আমাদের”— যা এখন এক করুণ স্মৃতিতে পরিণত হয়েছে।:
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুলের অভিনয় জীবনের শুরু হয়েছিল বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থিয়েটারের মাধ্যমে। ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি পান। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তিনি বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে সমানতালে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। এছাড়া ‘হরগৌরী পাইস হোটেল’ এবং হইচই-এর ‘ঠাকুমার ঝুলি’ সিরিজে তার কাজ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি তার পডকাস্ট শো ‘অভিনয় ছাড়া সহজ কথা’ও ছিল বেশ জনপ্রিয়।
ব্যক্তিগত জীবনে রাহুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মাঝে তাঁদের বিচ্ছেদের খবর এলেও একমাত্র ছেলে ‘সহজ’-এর ভবিষ্যতের কথা ভেবে তাঁরা পুনরায় একসঙ্গে থাকতে শুরু করেছিলেন।
রাহুলের এই অকাল প্রয়াণে টলিউডসহ বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সহকর্মী ও ভক্তরা প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

