যশোরের মণিরামপুরে কৃষিজমি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, রূপসপুর গ্রামে অনুমোদন ছাড়াই কৃষিজমি ও সরকারি খাস জমি থেকে মাটি কেটে ঘের তৈরি করা হচ্ছে— এমন লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এর ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।
তদন্তে দেখা যায়, অভিযুক্ত মহাতাব মোড়ল কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ৮৫ শতক কৃষিজমি থেকে ঘের তৈরির উদ্দেশ্যে মাটি কাটছিলেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী সরকারি খাস খতিয়ানভুক্ত আরও ৫০ শতক জমি থেকেও মাটি কেটে ঘের সম্প্রসারণের অকাট্য প্রমাণ পাওয়া যায়। ইতিপূর্বে স্থানীয় ভূমি অফিস থেকে তাকে লিখিতভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও তিনি তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এমনকি ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর সময়ও সেখানে মাটি কাটার কাজ চলছিল।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত মহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি একটি বিশেষ শর্তারোপ করা হয়েছে। মাটি বহনের কারণে ওই এলাকার ক্ষতিগ্রস্ত সরকারি সড়কটি নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

