যশোরের চৌগাছায় একটি পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের খলেক মাস্টারের ছেলে শরিফ উদ্দিনের (৩৩) পুকুর খননের কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা হঠাৎ একটি মর্টারশেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় চা বিক্রেতা মাজেদুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিকটস্থ দশপাখিয়া পুলিশ ফাঁড়িকে খবর দেন।:
খবর পেয়ে দশপাখিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম বিষয়টি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমকে অবহিত করেন। পরে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জব্দ তালিকাভুক্ত করে।:
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহৃত হয়েছিল, যা এতদিন মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারকৃত মর্টারশেলটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা হবে।?

