যশোরে র‍্যাবের অভিযান: অস্ত্র ও মাদকসহ ১১ মামলার আসামি রিপন গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক আসামি রিপন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত রিপন হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
অপরাধের বিবরণ:
র‍্যাব-৬ যশোর ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে ইতোমধ্যেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।

র‍্যাব জানায়, নিয়মিত টহল ও অপরাধী শনাক্তকরণ অভিযানের অংশ হিসেবে নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অবস্থানকালে রিপনকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দমনে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ