সৌদি আরবের তারিখ অনুযায়ী সাতক্ষীরার ২০টি গ্রামের আগাম ঈদ উদযাপন

আরো পড়ুন

সৌদি আরবের নির্ধারিত সময় অনুযায়ী সাতক্ষীরার অন্তত ২০টির বেশি গ্রামে শুক্রবার (৬ জুন) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। জেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ পড়ান মাওলানা মো. মোহাব্বত আলী।

ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গা ও আশপাশের গ্রামের শত শত মুসল্লি অংশ নেন। নারীরাও পুরুষদের সঙ্গে ঈদের নামাজে অংশগ্রহণ করেন, যা এ উৎসবে এক ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে।

স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, “আমরা প্রায় ১০ বছর ধরে সৌদি আরবের তারিখ অনুযায়ী ঈদ উদযাপন করে আসছি। এবারও সেই ধারাবাহিকতায় আগাম ঈদ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দেন।

স্থানীয়দের মতে, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন দীর্ঘদিনের প্রথা এবং এতে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। বরং সম্প্রীতি ও ধর্মীয় অনুভূতি বজায় রেখেই উৎসব পালিত হয়ে আসছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ