পলাশবাড়ীতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আরো পড়ুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এক ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রাসেল মিয়া (২২) ও তার স্ত্রী জুই আক্তার (১৮)

মঙ্গলবার (৩ জুন) সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়ির ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে এবং তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্বজনরা জানান, সোমবার রাতে খাবার শেষে রাসেল ও জুই নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে রাসেলের মা রাশিদা বেগম ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন—দুজনেই ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, “প্রায় তিন মাস আগে রাসেল ও জুইয়ের বিয়ে হয়। এমন হৃদয়বিদারক ঘটনা খুবই দুঃখজনক।”

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ