যশোরে ১৮ মামলার শীর্ষ সন্ত্রাসী জাফর গ্রেফতার

আরো পড়ুন

যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে যশোরের আরও এক কুখ্যাত সন্ত্রাসী, দেড় ডজন মামলার আসামি জাফর (২৮) কে আটক করা হয়েছে। আটক জাফর শহরের শংকরপুর এলাকার হান্নান ওরফে তনুর ছেলে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শংকরপুর বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজীব ও এসআই বিপ্লব কুমার সরকারের সমন্বয়ে একটি টিম অভিযান চালিয়ে জাফরকে আটক করে। জাফর শংকরপুর ও রেলস্টেশন এলাকার ভয়ংকর এক সন্ত্রাসী হিসেবে পরিচিত। হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধের সঙ্গে সে যুক্ত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ১৮টি মামলা রয়েছে এবং সম্প্রতি আদালত থেকে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

কিছুদিন আগে জাফর, ট্যাটু সুমন ও আসিফ মেহেদীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রেল বাজার ও শংকরপুর রেলগেটসহ স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। জাফরের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে শহরের রায়পাড়া এলাকা থেকে আরও এক শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকেও যশোর ডিবি পুলিশ আটক করে।

আরো পড়ুন

সর্বশেষ