ইয়েমেন ও ফিলিস্তিনে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ভারতের রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় যশোর প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের যশোর জেলা সভাপতি সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সামিয়া বিশ্বাস, বিউটি বেগম, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া শিকদার এশা, উর্মি জাহান, হাদিউজ্জামান অভি, মো. শাহিদুজ্জামান রনি, আরিফিন আরিফ ও শামীম হোসেন।
বক্তারা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে গাজায় নতুন করে হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হামলায় শিশু ও সাধারণ জনগণও নিহত হয়েছেন। তারা আরও বলেন, ভারতের হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার “অপারেশন কাগার” এর নামে আদিবাসী জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালাচ্ছে এবং সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।
সমাবেশ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়:
১. সকল সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ মুক্ত, ধর্মনিরপেক্ষ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।
২. গাজা, ইয়েমেন, সিরিয়া ও লেবানন থেকে মার্কিন সাম্রাজ্যবাদীদের হস্তক্ষেপ বন্ধ করা।
৩. ভারতে রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা।
৪. অবিলম্বে “অপারেশন কাগার” বন্ধ করা।
বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন এবং বিশ্বের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

