চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে নামাজরত অবস্থায় এক পিতা ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এ.কে.এম. রিন্টু ওরফে দোদুল (৫২)। তিনি পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে এবং ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। ঘটনায় অভিযুক্ত ছেলে হাফেজ কে.এম. রিফাত রহমানকে (১৭) স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে নিষেধ করেন এবং ফোনটি কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত নামাজরত অবস্থায় বাবার উপর ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করে। এতে রিন্টু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তারেক জুয়ায়েদ তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে রিফাতকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এমন নির্মম ঘটনায় হতবাক এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

