যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আটক আবির হোসেন একই গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবির হোসেন। কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এলে আবির পালানোর চেষ্টা করে। এসময় গ্রামবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত আবির হোসেন জানায়, পূর্ব শত্রুতার জেরে সে এই কাজ করেছে। কিছুদিন আগে ওই মেয়ের বাবা তাকে মারধর করায় সেই প্রতিশোধ নিতেই সে কিশোরীকে ধর্ষণ করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়। ভুক্তভোগী কিশোরীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভয়নগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত কিশোর গণপিটুনির পর পুলিশে সোপর্দ

