বেনাপোল পৌর ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস)। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের প্রথম আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “যুবসমাজকে সঠিক পথে রাখতে এবং মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বেনাপোলের প্রতিটি স্তরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও একটি সুন্দর ক্রীড়া পরিবেশ নিশ্চিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৩ মার্চ একটি বিশেষ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন বেনাপোলের সেই কৃতি সন্তানরা, যারা বর্তমানে ঢাকা ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্লাবসহ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটির হাত ধরে এবং নিয়মিত আয়োজনের মাধ্যমে বেনাপোলের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে।
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক

