১০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক নীলাকে আরও এক মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

আরো পড়ুন

প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী ফারজানা ইয়াসমিন নীলাকে আরও একটি জালিয়াতি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান আদালতে এই আবেদন জানান।
আসামি ফারজানা ইয়াসমিন নীলা বরিশালের বিএম কলেজ রোড এলাকার কাজী এম এ মজিদের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকার বনানী এলাকায় বসবাস করলেও তার বিরুদ্ধে যশোরে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়ার কয়লা ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে পরিচয়ের সুবাদে নীলা ও তার পরিবার ব্যবসায়িক বিনিয়োগের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। ২০২৪ সালের আগস্ট মাসে নীলা, তার স্বামী এম এ মজিদ, ছেলে অনন্ত আরমান কাব্য এবং মেয়ে নন্দিতা মেহজাবিন মিলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শাহ আলমের কাছ থেকে ৩ কোটি টাকা ধার নেন। শুরুতে একবার ২১ লাখ টাকা লভ্যাংশ দিলেও পরবর্তীতে তারা আর কোনো টাকা ফেরত দেননি।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম তার আসল টাকা ও বকেয়া লভ্যাংশ ফেরত চাইলে নীলা নানা টালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২৫ সালের ২৪ জুন তিনি যশোর কোতোয়ালি থানায় নীলাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বর্তমানে অন্য একটি প্রতারণা মামলায় নীলা কারাগারে আটক রয়েছেন। নতুন এই মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত হয়ে তাকে এই পরোয়ানাভুক্ত করার জন্য আদালতের অনুমতি চেয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।?

আরো পড়ুন

সর্বশেষ