যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং বিরল মাদক এলএসডি, যার বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলি ভারতীয় এলএসডি এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মাদকের সঠিক বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫ শত ৭৭ টাকা।
বিজিবি আরও জানায়, মাদক পাচার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এই চালানের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যশোরে বিজিবির বড় সাফল্য: পৌনে ১০ কোটি টাকার আইস ও এলএসডি উদ্ধার

