যশোরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
:
হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়েত-এর নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মো. মাসুদ রানা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, স্টাফ নার্স এবং স্বাস্থ্যকর্মীবৃন্দসহ প্রায় ৫০-৫৫ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে ৩ নম্বর গেট দিয়ে বের হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ১ নম্বর গেট দিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রশাসনিক ভবনের সামনে এসে এটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। বৃষ্টির মৌসুমে বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না।” তারা সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেন।
স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হাসপাতালের পক্ষ থেকে এমন সচেতনতামূলক কর্মকাণ্ড নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

