নড়াইলে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ: পানের বরজ থেকে অভিযুক্ত আটক

আরো পড়ুন

নড়াইলের কালিয়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রাম এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি সন্ধ্যায় তার ঘরের পেছনে টয়লেটে গিয়েছিল। কাজ শেষে বের হওয়ার সময় ওত পেতে থাকা প্রতিবেশী মৃত দুদু মোল্যার ছেলে আলী মোল্যা শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পানের বরজে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
:
ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে তার চাচা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত আলী মোল্যা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে হাতে-নাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
:
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, মামলা হওয়ার পরপরই অভিযুক্ত আলীকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ