নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে কথিত অপহরণের শিকার গ্রামীণফোনের (জিপি) বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর ঘটনাটি প্রকৃত অপহরণ নাকি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সাজানো ‘নিখোঁজ নাটক’, তা নিয়ে এলাকায় ব্যাপক রহস্য ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
:
আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসে মার্কেটিং সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার দুপুরে খাবার খাওয়ার কথা বলে অফিস থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার পর স্ত্রী মিনি খাতুন পরিবারের পক্ষ থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
:
ঘটনাটি ভিন্ন মোড় নেয় যখন গ্রামীণফোন কর্তৃপক্ষ দাবি করে, আবিদ কোম্পানির প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এ বিষয়ে নিখোঁজ থাকাকালীনই কোম্পানির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
:
চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ সংবাদ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসআই সিরাজুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে আবিদকে কেউ অপহরণ করেনি। ব্যক্তিগত ও আর্থিক সংকটে পড়ে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন এবং পরিবারকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ ও আত্মসাৎকৃত টাকার বিষয়টি উদ্ঘাটনে অধিকতর তদন্ত চলছে।”
উদ্ধারের পর আবিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

