যশোরে ৫৪ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আরো পড়ুন

যশোর শহরের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণের বারসহ আবু সাঈদ (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটক আবু সাঈদ মুন্সিগঞ্জ জেলার খাশমহল উপজেলার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঢাকা থেকে এক ব্যক্তি স্বর্ণের একটি বড় চালান নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল যশোর-বেনাপোল সড়কের দাইতলা ব্রিজের ওপর ওত পেতে থাকে। সন্দেহভাজন আবু সাঈদ ব্রিজের ওপর পৌঁছালে তাকে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩৩.২৯ গ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১,৩২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ৫৪ লক্ষ ৩০ হাজার ১৪৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। এগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ ও মাদক পাচার রোধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে। আটক পাচারকারীকে উদ্ধারকৃত স্বর্ণসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ