যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন বিচারক মাহমুদা খাতুন

আরো পড়ুন

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে যশোর জেলা ও দায়রা জজ আদালতে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম মাহমুদা খাতুন। এর আগে তিনি নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোঃ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি তৎকালীন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলীর বদলির পর থেকে এই গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে পড়েছিল। দীর্ঘ সময় স্থায়ী বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছিল। এতে বিচারিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ায় এবং মামলা নিষ্পত্তিতে কাঙ্ক্ষিত গতি না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় আইনজীবীরা।

স্থায়ী বিচারক নিয়োগের দাবিতে যশোর জেলা আইনজীবী সমিতি দফায় দফায় সাধারণ সভা করে জেলা ও দায়রা জজ আদালতসহ তিনটি আদালত বর্জনের কর্মসূচি পালন করে আসছিল। আইনজীবীদের এই আন্দোলনের প্রেক্ষিতে এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে সরকার এই জরুরি নিয়োগ প্রদান করল।:
অভিজ্ঞ বিচারক বেগম মাহমুদা খাতুনের যোগদানের মাধ্যমে যশোরের বিচার বিভাগে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নতুন বিচারকের যোগদানের ফলে বিচারিক কার্যক্রমে পুনরায় গতি ফিরবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবেন।

আরো পড়ুন

সর্বশেষ