যশোরে কুয়েতপ্রবাসী বিএনপি কর্মী মেহের আলী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, মামলার বাদী এবং তাদের পরিবারের সদস্যদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত মঙ্গলবার (১০ মার্চ) মামলার বাদী মো. আব্দুর রহমান এবং একই রাতে তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলামের স্ত্রী আবিদ আরা পারভীন জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি দুটি করেন।
জিডিতে অভিযুক্তরা হলেন: ১. হাসানুজ্জামান হাসান, বাদিয়াটোলা, যশোর।
২. তারেক হোসেন, বাদিয়াটোলা, যশোর।
৩. আজিজুর রহমান রতন, নলডাঙ্গা, নাটোর (পলাতক ও প্রবাসী)।
৪. মো. মাহমুদ ইসলাম মামুন, শিক্ষক, মামুন কোচিং সেন্টার, পুরাতন কসবা, যশোর।
ঘটনার প্রেক্ষাপট: ২০২৪ সালের ৯ আগস্ট কুয়েতপ্রবাসী বিএনপি কর্মী মেহের আলীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহমানের দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের তৎকালীন এসআই মফিজুল ইসলাম। তদন্ত চলাকালে অভিযুক্ত তারেক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকেই মামলার তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি প্রভাবশালী মহল বাদী ও তদন্ত কর্মকর্তার পরিবারকে লক্ষ্যবস্তু করে।
ভিডিও বার্তায় হুমকি: জিডিতে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত আজিজুর রহমান রতন প্রবাসে অবস্থান করে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। এছাড়া গত ৬ মার্চ রতন গোপনে যশোরে এসে সহযোগীদের নিয়ে বৈঠক করে বাদী ও সাক্ষীদের বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বর্তমানে ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত থাকলেও তার পরিবার যশোর শহরের পুরাতন কসবা এলাকায় বসবাস করছে। তার স্ত্রী আবিদ আরা পারভীন জিডিতে জানান, অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যদের গতিবিধি নজরদারি করছে এবং অনলাইনে নানা অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য, অভিযুক্ত রতন ২০১৭ সালে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে বিএনপি কর্মী হত্যা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি: থানায় ২ জিডি(

