যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। বুধবার (১১ মার্চ) বেলা ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার কর্মকার। পথিমধ্যে যশোর শহরে পৌঁছালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, সন্তোষ কুমার কর্মকার মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রায় ১০ বছর অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র এক মাস আগে তিনি বদলি হয়ে কেশবপুর উপজেলায় যোগদান করেছিলেন। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে কেশবপুর ও মণিরামপুর উপজেলা প্রশাসন, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

