বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার কিছু সময় পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সংসদীয় রেওয়াজ অনুযায়ী, স্পিকারের চেয়ার খালি রেখেই এদিনের কার্যক্রম শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে সংসদ নেতা বর্তমান সংসদের একজন জ্যেষ্ঠ সদস্যকে সাময়িকভাবে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করবেন। প্রস্তাবটি অন্য একজন সদস্য কর্তৃক সমর্থিত হওয়ার পর মনোনীত ওই সদস্যের সভাপতিত্বে শুরু হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
সংবিধানের বিধান অনুযায়ী, নতুন সংসদের এই প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই ভাষণে সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা, উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং নীতিনির্ধারণী বিভিন্ন দিকনির্দেশনা ফুটে উঠবে বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণ শেষে তার প্রতি ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা চলবে এই অধিবেশনে।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীসহ জাতীয় সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংসদ ভবনের চারপাশের রাস্তাগুলোতে যান চলাচল সীমিত করাসহ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংসদ ভবনকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে।
অধিবেশন শুরুর এই মাহেন্দ্রক্ষণে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে সংসদ চত্বর। দেশ ও জনগণের কল্যাণে এই সংসদ কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

