যশোর আইনাঙ্গনে কাটছে অচলাবস্থা: রোববার নতুন জেলা জজ নিয়োগ, ১৭ মার্চ আসছেন আইনমন্ত্রী

আরো পড়ুন

যশোরের আইনজীবীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের মুখে অবশেষে কাটতে যাচ্ছে জেলা জজ আদালতের অচলাবস্থা। আগামী রোববার যশোরে নতুন জেলা ও দায়রা জজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। একই সঙ্গে বিচার বিভাগীয় সংকটের স্থায়ী সমাধানে আগামী ১৭ মার্চ যশোরে আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বুধবার রাতে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের আদালত বর্জনের জেরে বিচারকার্য স্থবির হয়ে পড়ায় বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইন সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসু দেব, যুগ্ম সম্পাদক নুরে আলম পান্নুসহ অন্য নেতৃবৃন্দ। জ্যেষ্ঠ আইনজীবী আর এম মইনুল হক খান ময়না জানান, দীর্ঘ প্রতীক্ষার পরও স্থানীয়ভাবে প্রতিকার না মেলায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঢাকায় আইনজীবীদের তৎপরতা
পরিস্থিতি সামাল দিতে সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক এম এ গফুর ও জ্যেষ্ঠ আইনজীবী দেবাশীষ দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলে আইনজীবীদের সমস্যার কথা তুলে ধরেন। তাদের এই তৎপরতার প্রেক্ষিতেই বুধবার রাতে নতুন বিচারক নিয়োগের ইতিবাচক সিদ্ধান্ত আসে।

সাধারণ সম্পাদক এম এ গফুর জানান, রোববার নতুন কাউকে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তবে তিনি ঢাকা থেকে আসবেন নাকি বর্তমান অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা দ্রুতই স্পষ্ট হবে। এছাড়া আগামী ১৭ মার্চ আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসবেন। তারা আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গত ১ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে আইনজীবীদের সঙ্গে এক মতবিরোধের সৃষ্টি হয়। আইনজীবীদের অভিযোগ, সমঝোতার পরেও বিচারকের আচরণগত সমস্যার সমাধান হয়নি। এর প্রতিবাদে আইনজীবীরা জরুরি সভা ডেকে দুই বিচারকের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন, যা গত কয়েকদিন ধরে চলে আসছিল।

আরো পড়ুন

সর্বশেষ