অভয়নগরে র‌্যাবের ঝটিকা অভিযান: হত্যা মামলার আসামি ১২ ককটেলসহ আটক

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রামে অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ আজিজুল শেখ (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুল ২০১৫ সালের একটি আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ইছামতি গ্রামে আজিজুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘর ও আঙিনা তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২টি তাজা ককটেল উদ্ধার করা হয়। আটক আজিজুল ওই গ্রামের সফারত শেখের ছেলে।

র‌্যাব-৬ এর একটি সূত্র জানিয়েছে, আজিজুলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনি কেন এবং কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এলাকায় কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল তার।
আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। র‌্যাব জানায়, অপরাধী ও নাশকতার সাথে জড়িতদের ধরতে তাদের এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ