অভয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩৫ দোকান, ৩ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলার নওদাপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় তিন কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ভস্মীভূত হয়ে গেছে কোটি টাকার আসবাব ও কাঠ
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় বাড়তি ঝুঁকি এড়াতে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর অধিকাংশ ছিল কাঠের আড়ত ও ফার্নিচারের দোকান। সেখানে প্রচুর পরিমাণে সেগুনসহ দামি কাঠ এবং বিক্রির জন্য রাখা তৈরি আসবাবপত্র মজুত ছিল। মুহূর্তের আগুনে সব শেষ হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা বাজারের পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনার পর রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ