যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তাদের আটক করে। আটককৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন— কৃষ্ণবাটি গ্রামের জাকির হোসেনের দুই ছেলে জয় হোসেন (২০) ও বিজয় হোসেন (১৯)।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, বুধবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কৃষ্ণবাটি এলাকায় কতিপয় যুবক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই মিজবা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের সিরাজ হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালায়।
অভিযানকালে জয় ও বিজয় পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে একটি ধারালো ক্রিচ এবং কাঠের বাটযুক্ত একটি লোহার গোলাকার চাকতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক দুই ভাই এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে ছিনতাই, মারামারি ও জনমনে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইন্সপেক্টর মামুনুর রশিদ।

