যশোরের অভয়নগর উপজেলায় শাশুড়ির ওপর অভিমান করে চলন্ত নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।
:
নিখোঁজ গৃহবধূর শাশুড়ি রহিমা বেগম জানান, তারা খুলনা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাবিনা তার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। বিকেলে ভাটপাড়া খেয়াঘাট থেকে নৌকায় ওঠার পর হারানো মোবাইল নিয়ে শাশুড়ির সাথে সাবিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ির ওপর অভিমান করে তিনি চলন্ত নৌকা থেকে খরস্রোতা ভৈরব নদে ঝাঁপ দেন।
:
নৌকার মাঝি ধ্রুব দাস ও ঘাটে থাকা কয়েকজন যুবক তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার অভিযান শুরু করি। তবে নদীতে তীব্র স্রোত এবং ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার আগে অভিযান স্থগিত করা হয়।”
তিনি আরও জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে খুলনা বিভাগীয় অফিস থেকে ডুবুরি দল তলব করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের মায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

