যশোরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আরো পড়ুন

যশোর শহরের খড়কি এলাকায় নিজ বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে শহরের খড়কি আব্দুল মজিদ সড়কের একটি ভাড়া বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মরুগাছা গ্রামের আফসার মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যশোর শহরের খড়কি এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আল আমিন নিজের ঘরে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ