অভয়নগরে ১২টি ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী সুলতান গাজী গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি তাজা ককটেলসহ সুলতান গাজী নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার সিদ্দিপাশা নাউলী আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান ওই গ্রামের জাফফার গাজীর ছেলে।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সুলতান গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সুলতানকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি ককটেল মজুতের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতর থেকে ১২টি শক্তিশালী ককটেল উদ্ধার ও জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত সুলতান গাজী একজন পেশাদার অপরাধী ও চিহ্নিত নাশকতাকারী। তিনি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, অস্ত্র আইন এবং হত্যা মামলাসহ অন্তত ৩টি মামলা চলমান রয়েছে।
১২টি ককটেল উদ্ধারের ঘটনায় সুলতান গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় নতুন করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ