কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি ইফতার মাহফিল, সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ড সংলগ্ন মাঠে জননিরাপত্তা রক্ষায় এই কঠোর নির্দেশনা কার্যকর করা হয়।
:
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে বহিষ্কৃত ও বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে একটি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এই কর্মসূচির জন্য তিনি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে প্রাথমিকভাবে মৌখিক অনুমতিও পান। তবে একই সময়ে ওই মাঠেই ইফতার মাহফিলের অনুমতি চেয়ে পাল্টা আবেদন করেন ধানের শীষের সাবেক প্রার্থী রাশেদ খানের অনুসারীরা।

একই স্থানে ও একই সময়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় বড় ধরনের সংঘাত বা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন ত্বরিত পদক্ষেপ গ্রহণ করে। রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ সংবাদমাধ্যমকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ