বেনাপোলে ফেনসিডিলসহ আটক তরিকুলের ১০ বছরের কারাদণ্ড

আরো পড়ুন

যশোরে একটি ফেনসিডিল মামলায় তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
:
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বারোপোতা জামতলা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ও তার সহযোগী ইকবাল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তরিকুলকে আটক করা হয়। ওই সময় তার সহযোগী ইকবাল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
আটক তরিকুলের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এসআই ইব্রাহিম হোসেন বাদী হয়ে তরিকুল ও পলাতক ইকবালের নামে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্ত শেষে এসআই চন্দ্র কান্ত গাইন দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে তরিকুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ইকবালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।

আরো পড়ুন

সর্বশেষ