সরকার মাত্র কাজ শুরু করেছে, ধৈর্য ধরুন’: মির্জা আব্বাস

আরো পড়ুন

সরকার পতনের স্বপ্ন দেখা ব্যক্তিদের সতর্ক করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই দেশবাসীকে ধৈর্য ধরে সময় দিতে হবে। যারা সরকার পতনের দিবাস্বপ্ন দেখছেন তাদের সাবধান করে দিয়ে তিনি বলেন, ক্ষমতা এত সহজ বিষয় নয় এবং যারা আসার চেষ্টা করছেন তারাও টিকতে পারবেন না।
রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছে। একে টোকা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। যারা সামান্য বিষয়েই সরকারকে হুমকি-ধমকি দিচ্ছেন, তাদের প্রতিহত করতে বিএনপি রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।
দলের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপি কখনো গায়ে পড়ে কারও সঙ্গে ঝামেলা করতে চায় না। তবে কেউ যদি অযাচিত উসকানি দেয়, তবে তাকে ছেড়ে দেওয়া হবে না।
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে কোটা আন্দোলনের মধ্য দিয়ে চাকরি পাওয়ার আশা করেছিলেন, কিন্তু তারা এখন সরকারে গিয়ে চাকচিক্যময় জীবন যাপন করছেন। এখন তারা আবার নতুন করে সরকার গঠনের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবসম্মত নয়।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কর্মতৎপরতা নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের সাবধান করে দিয়ে মির্জা আব্বাস বলেন, প্রধানমন্ত্রী শনিবারেও অফিস করে দেশের সেবা করছেন। এই মহতী উদ্যোগে তাকে (তারেক রহমান) সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ