শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: নারীসহ ১৫ জন গুলিবিদ্ধ

আরো পড়ুন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমান নামে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এই ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁ গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকেলে স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খাঁর লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, রাতে তারাবির নামাজের পর মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাঁসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুর চালালে বাড়ির নারী ও শিশুসহ ১৫ জন গুলিবিদ্ধ ও আহত হন।
আহতদের মধ্যে মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নূপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগমের নাম জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুলিবিদ্ধ মিনু বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে রুদ্রপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ