যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে মবিল (লুব্রিকেন্ট অয়েল) বোতলজাত ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
অভিযান সূত্রে জানা গেছে, মান্দারতলা বাজারের ‘মেসার্স এস এম লুব’ নামক প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন কোনো প্রকার আইনি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে মবিল তৈরি ও বোতলজাত করছিলেন। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ এবং ২০ডব্লিউ-৫০ গ্রেডের মবিল সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল। এছাড়া উৎপাদিত মবিলের মান পরীক্ষার জন্য প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব সুবিধা পাওয়া যায়নি।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অনুমোদনহীন পণ্য তৈরির অপরাধে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী) আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে বিএসটিআইয়ের কর্মকর্তা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি এবং র্যাব-৬-এর একটি আভিযানিক দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
যশোরে অবৈধ মবিল কারখানা সিলগালা, এক লাখ টাকা জরিমানা

