যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় এক কিশোর রিকশাচালককে বেধড়ক মারপিট ও গুরুতর জখম করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) রাত ৭টার দিকে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্জন মাঠে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত কিশোর হামিম (১৬) হাশিমপুর এলাকার পলাশের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় যশোর নিউ মার্কেট এলাকা থেকে দুইজন ব্যক্তি যাত্রীবেশে হামিমের রিকশাটি ভাড়া করে হাশিমপুরের উদ্দেশ্যে রওনা হয়। রিকশাটি হাশিমপুর স্কুল পার হয়ে একটি ফাঁকা মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আরও তিনজনসহ মোট পাঁচজন ছিনতাইকারী হামিমের ওপর অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীরা কিশোর হামিমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার উপার্জনের একমাত্র মাধ্যম রিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় হামিমকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে এবং দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
যশোরে কিশোর চালককে পিটিয়ে রিকশা ছিনতাই

