যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে আপন ভাই ও তার পরিবারের সদস্যদের হামলায় সানিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাবুল্লা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সানিউর রহমান ওই গ্রামের ইয়াকুব আলী মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক বিরোধের জেরে এদিন সন্ধ্যায় সানিউর রহমানের সাথে তার বড় ভাই ইলিয়াস হোসেনের (৫০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইলিয়াস হোসেন, তার ছেলে আলামিন হোসেন সুইট (৩৫), স্ত্রী তাসলিমা (৪৫) এবং পুত্রবধূ হালিমা (২০) দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে সানিউরের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় হাসুয়ার আঘাতে সানিউরের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত জখম হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সানিউরের মাথায় আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এই ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।
বাঘারপাড়ায় পারিবারিক বিরোধে ভাইকে কুপিয়ে জখম

