ঝিনাইদহে পেট্রোল পাম্পে কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী নিহত

আরো পড়ুন

ঝিনাইদহ শহরের একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের নির্মম পিটুনিতে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ‘তাজ ফিলিং স্টেশনে’ এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
নিহত নিরব হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুড ব্যবসা করতেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
:
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিরব হোসেন তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল নিতে যান। সে সময় পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি পাশের অন্য একটি পাম্পে চলে যান। সেখান থেকে ফেরার পথে তিনি দেখতে পান তাজ ফিলিং স্টেশনের কর্মচারীরা অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিচ্ছেন। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ৩-৪ জন কর্মচারী লাঠি দিয়ে নিরবকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
:
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব অভিযান চালিয়ে পাম্পের তিন কর্মচারী নাসিম হোসেন, রমিজুল ও দাউদ হোসেনকে আটক করেছে। বর্তমানে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও র‍্যাব বিষয়টি অধিকতর তদন্ত করছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত নিরবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ