চৌগাছায় নারী দিবসের আলোচনা সভা: বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান এমপি মসলেহ উদ্দিনের

আরো পড়ুন

আধুনিক ও উন্নত জাতি গঠনের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, “বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারই হোক এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল লক্ষ্য।”
রবিবার (৮ মার্চ) সকালে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
:
ডা. মসলেহ উদ্দিন ফরিদ বলেন, “নারীর সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কাজী নজরুল ইসলামের কবিতার ভাষায় আমাদের মনে রাখতে হবে— ‘এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।” তিনি আরও যোগ করেন, অধিকার আদায়ে নারীদের নিজেদেরই প্রথম সচেতন হতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
:
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ শারমিন ফরিদ।
ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক, চৌগাছা থানার ওসি (তদন্ত) মো. আবু সাঈদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী। এছাড়াও শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান এবং সফল নারী উদ্যোক্তা ও অদম্য নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে সমাজ ও অর্থনীতিতে অবদান রাখায় উপজেলার সফল নারী উদ্যোক্তাদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ